অম্বানীদের সংস্থা রিলায়্যান্স রিটেলের সঙ্গে জোট বাঁধল স্টেট ব্যাঙ্কের কার্ড প্রদানকারী সংস্থা এসবিআই কার্ড। এ বার বাজারে আসবে ‘রিলায়্যান্স এসবিআই কার্ড’। এই গাঁটছড়ার ফলে একগুচ্ছ সুবিধা পাবেন কার্ডর গ্রাহকেরা।
এসবিআই কার্ডের বর্তমান মালিকানা রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক এবং কার্লাইল গোষ্ঠীর হাতে। রিলায়্যান্সের সঙ্গে হাত মিলিয়ে এসবিআই কার্ড দুই ধরনের কার্ড বাজারে আনবে— ‘রিলায়্যান্স এসবিআই কার্ড’ এবং ‘রিলায়্যান্স এসবিআই কার্ড প্রাইম’। এই কার্ডগুলি যাঁরা ব্যবহার করবেন রিলায়্যান্স রিটেলের অলঙ্কার, পোশাক, ওষুধ, আসবাবপত্র-সহ বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটায় তাঁরা আকর্ষণীয় ছাড় পাবেন। বর্তমানে দেশ জুড়ে দেড় কোটিরও বেশি এসবিআই ক্রেডিট কার্ডের গ্রাহক রয়েছেন। তাই, এসবিআই কার্ডের সঙ্গে জোট বাঁধার ফলে রিলায়্যান্স রিটেলের বিক্রি বৃদ্ধির সুযোগও থাকবে।
‘রিলায়্যান্স এসবিআই কার্ড’ ব্যবহারের জন্য গ্রাহকদের বছরে কর বাদে ৪৯৯ টাকা খরচ করতে হবে। অন্য দিকে যাঁরা ‘রিলায়্যান্স এসবিআই কার্ড প্রাইম’ ব্যবহার করতে চান তাঁদের দিতে হবে কর ছাড়া বছরে ২৯৯৯ টাকা। ‘রিলায়্যান্স এসবিআই কার্ড’-এর ক্ষেত্রে ‘ওয়েলকাম বেনিফিট’ হিসাবে পাওয়া যাবে ৫০০ টাকার রিলায়্যান্স রিটেল ভাউচার, সেই সঙ্গে রয়েছে অতিরিক্ত ৩২০০ টাকার ছাড়ের ভাউচার। ‘রিলায়্যান্স এসবিআই কার্ড প্রাইম’ কার্ড যারা নেবেন, তাঁরা পাবে ৩০০০ টাকার রিলায়্যান্স রিটেল ভাউচার এবং ১১,৯৯৯ টাকার অতিরিক্ত ছাড়ের ভাউচার।